কক্সবাজারের উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা কিশোরকে অপহরণ করেছে অজ্ঞাত একদল অপহরণকারী। অপহরণের পরপরই চক্রটি মুক্তিপণের দাবিতে পরিবারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে, ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ৫ ব্লকে বসবাসরত ফকির আহমেদের ছেলে মো. সোহেল (১৫), নিজ সেল্টার থেকে বালুখালী যাওয়ার পথে অজ্ঞাত ব্যক্তিদের হাতে অপহৃত হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এঘটনার পর থেকে অপহরণকারীরা ফোনের মাধ্যমে অপহৃত সোহেলের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরিবার সূত্রে জানা গেছে, অপহরণকারী চক্রটি গতকাল থেকে অদ্যাবধি একাধিকবার ফোন করে মুক্তিপণের দাবিতে ভয়ভীতি প্রদর্শন করছে।
অপহরণের ঘটনাটি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপহৃত কিশোরের নিরাপদ মুক্তি ও জড়িত অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।