কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশের ওপর হামলায় পুলিশ কর্মকর্তাসহ ২ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় টেকনাফের উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশকালে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশী কার্যক্রম চলার সময় এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।
পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশী চলা কালে সিএনজি নিয়ে স্থানীয় বাঙালি জিয়াবুল হক ও আব্দুল আমিন ক্যাম্পে প্রবেশ করছিলেন। চেকপোস্টে তল্লাশীকালে এপিবিএন পুলিশের সদস্যরা সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে স্থানীয় জিয়াবুল হক ও আব্দুল আলিমের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে এপিবিএন পুলিশের সদস্য এএসআই কামাল, কনস্টেবল মো. রিমনের ওপর পর্যায়ক্রমে মারধর শুরু করেন। পরবর্তীতে তাদের আরও কয়েকজন সহযোগী এসে লাঠি হাতে হামলা করেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ চেকপোস্টে এপিবিএন পুলিশ তল্লাশী কালে স্থানীয় জিয়াবুল হক(৩২), আব্দুল আমিন প্রকাশ ফারুক(২৪), মোঃ মফিজ(২৫), ও মোঃ আরিফ(২৬) সহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করেন। এ সময় পুলিশ কর্মকর্তা সহ ২ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।