চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার আলোচিত ১২ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মোঃ নুর নবী’কে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৪ এপ্রিল) রাত ২টার দিকে চট্টগ্রাম র্যাব-৭ একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছেন। আটক আসামী হলেন, মোঃ নুর নবী (৪২), চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মধ্যম মহাদেবপুর এলাকার মৃত মোঃ কবির আহমেদের ছেলে।
পরিবার সুত্রে জানাযায়, ভিকটিমের মা গোলাপী খাতুন এবং মোঃ নুর নবী ২০১৩ সালে ইসলামি শরিয়াহ মোতাবেক পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং বিবাহিত জীবনে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ সীতাকুন্ড থানাধীন মাধবপুর এলাকায় বসবাস করে আসছেন এবং সেখোনে একটি নতুন বিল্ডিং ক্রয় করেন। গত ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় মোঃ নূর নবী ক্রয়কৃত নতুন বিল্ডিংয়ে কাজের কথা বলে তার ১২ বছরের শিশু কন্যাকে নিয়ে যায় এবং সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের আত্ম-চিৎকার শুনে মোছাঃ গোলাপী খাতুন তাদের নতুন বিল্ডিং গিয়ে তাকে উদ্ধার করেন।
র্যাব জানায়, এঘটনায় ভিকটিমের মা মোছাঃ গোলাপী খাতুন বাদী হয়ে সীতাকুন্ড থানায় মোঃ নুর নবী’কে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-২৭, তাং-২২ এপ্রিল ২০২৫ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(৪)(খ)। মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষে চট্টগ্রাম র্যাব-৭ গোয়েন্দা নজরদারি শুরু করে। নজরদারির একপর্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আসামী মোঃ নুর নবী চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মেরিন গেইট এলাকায় অবস্থান করছে। আজ রাত সাড়ে ১টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে মামলায় এজাহারনামীয় একমাত্র প্রধান আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম সীতাকুন্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।