কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে বিষপানে ৪ সন্তানের জননী আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উখিয়ার উখিয়া থানাধীন মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নারী হলেন, নুর কলিমা (২৬) মধুরছড়া ৪নং ক্যাম্পের ডি ৩ ব্লকের বশির আহমদের মেয়ে এবং সোলেমানের স্ত্রী। তার ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে।
ক্যাম্প সুত্রে জানা গেছে, রাতে রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে নুর কলিমা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে আশেপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, বিষপানে নিহতের ঘটনায় সংবাদ পেয়ে উখিয়া থানার এসআই সুমন দে ঘটনা স্থলে পৌঁছে মৃত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।