বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক জনকল্যাণমূলক কাজে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় অসহায়, গরীব ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সম্পন্ন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।
বৃহস্পতিবার (১লা মে) সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় পার্বত্য জেলা বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ও তুমব্রু এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি, এবং কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর পরিচালক অপারেশন লেঃ কর্নেল মোঃ আকিব জাভেদ, পিএসসি।
তিনি বলেন, অত্র ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার মেজর আতাউর রহমানের মাধ্যমে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অসহায়, গরীব ও দুঃস্থ নারী,পুরুষ ও শিশুসহ সর্বমোট ৩৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র ভরসা ও আস্থার প্রতীক হিসেবে বিজিবি সর্বদা তাদের পাশে থেকে বিভিন্ন ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এ ধরণের কর্মকান্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি ও বসবাসরত পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে স্থানীয় জনসাধারণ আনন্দ প্রকাশ করেছেন।