কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের ১৫ একর সংরক্ষিত জমি দখলমুক্ত করেছে উখিয়া রেঞ্জের বন বিভাগ।
শনিবার (২৫ মে) দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং হাইওয়ে ফাঁড়ির সংলগ্ন এলাকায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) শাহিনুল ইসলাম শাহীন এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, স্থানীয়ভাবে বনভূমি দখল করে টংঘর নির্মাণ করে বসবাসকারী আব্দুর রহিম, কামাল উদ্দিন ও সৈয়দ উল্ল্যাহ নামের তিনজনের দখলে থাকা জমি পুনরুদ্ধার করে বন বিভাগ। অভিযানে তাদের নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয় এবং পুরো এলাকাটি বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
এ সময় উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান, ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম শাহীন বলেন, “সরকারি বনভূমি রক্ষায় আমরা বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা জায়গা চিহ্নিত করে আইনগত প্রক্রিয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন সংরক্ষিত বনভূমি রক্ষায় নিয়মিত নজরদারির পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজও চলমান রয়েছে।