পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নয়াখালী এলাকায় জমি-জমা ও ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর আবু সালেহ হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর পলাতক আসামী মোঃ নজরুল ইসলাম বাবুল চৌকিদার (৫০) কে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রীজঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-৮, বরিশালের একটি যৌথ আভিযানিক দল।
উল্লেখ্য, গত ২৫ মার্চ ২০২৫ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পূর্বশত্রুতার জের ধরে আবু সালেহ হাওলাদারকে তার নিজ বসতবাড়িতে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামী করা হয় (মামলা নং-১৮, তারিখ: ১৫ মার্চ ২০২৫, ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩০২/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০)। গ্রেফতারের পর নজরুল ইসলামকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “আসামিকে ধরতে র্যাব-৭ দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে নজরুল ইসলাম চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় অবস্থান করছে। এরপর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”