ময়মনসিংহ বিভাগের পর্যটন শিল্পের বিকাশ, উন্নয়ন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মোমেনশাহী ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (ARTDOC)-এর প্রধান ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) মোঃ নাইমুল হক, পিপিএম।
সোমবার (২৭ মে) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনী ও টুরিস্ট পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পর্যটন স্পটসমূহের পরিকাঠামোগত উন্নয়ন এবং দুই বাহিনীর সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ নিয়ে আলোচনা হয়।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সব সময় আপোসহীন। পাশাপাশি দেশের পর্যটন শিল্পের বিকাশেও সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। টুরিস্ট পুলিশকে প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত।”
এ সময় টুরিস্ট পুলিশের এসপি মোঃ নাইমুল হক, পিপিএম সেনাবাহিনীর আন্তরিকতার প্রশংসা করে বলেন, “পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সেনাবাহিনী ও টুরিস্ট পুলিশ একসঙ্গে কাজ করবে। পর্যটন খাতের বিকাশে এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সাক্ষাৎকালে উভয় পক্ষ পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।