আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজার ও বান্দরবানের হাইওয়ে ও জনবহুল এলাকায় ডাকাতি, ছিনতাই ও চুরি প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন ও রাতভর তল্লাশি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৫।
বৃহস্পতিবার (২৯ মে) রাতব্যাপী পরিচালিত এ অভিযানে কক্সবাজার শহরের প্রবেশদ্বার, ট্যুরিস্ট জোন, বাস টার্মিনাল, টেকনাফ সড়ক ও বান্দরবানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পাশাপাশি হাইওয়ে ও ঝুঁকিপূর্ণ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং রুটিন টহল জোরদার করা হয়।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, ঈদ সামনে রেখে জনস্রোত ও যানবাহনের চাপ বেড়েছে। এ সুযোগে অপরাধীরা সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে—সেই ঝুঁকি মাথায় রেখে আমরা আগাম প্রস্তুতি হিসেবে এই অভিযান পরিচালনা করছি। কক্সবাজার ও বান্দরবানের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, সড়কে গোয়েন্দা নজরদারি ও সশস্ত্র টহলসহ সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো—যে কোনো মূল্যে জনসাধারণের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা।
তিনি আরও জানান, অভিযানের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাব-১৫ সবসময় প্রস্তুত রয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ঈদকে কেন্দ্র করে বাড়তি জনসচেতনতা তৈরির লক্ষ্যে র্যাব-১৫ প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।