কক্সবাজারের কুখ্যাত সন্ত্রাসী চক্র ‘আবছার গ্রুপ’-এর প্রধান ও ২৩টি হত্যা, ধর্ষণ, অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি নুরুল আবছার প্রকাশ আবছারকে গ্রেফতার করেছে র্যাব-১৫। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ধারালো ছুরি ও দুটি ব্ল্যাংক চেক উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ জুন) বিকেলে র্যাব-১৫ সদর কোম্পানির একটি চৌকস দল কক্সবাজার সদর থানার রুমালিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নুরুল আবছার (২৯) কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা মোঃ রশিদ প্রকাশ রশিদ ড্রাইভারের ছেলে।
র্যাব জানায়, নুরুল আবছার দীর্ঘদিন ধরে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার বিরুদ্ধে মোট ২৩টি হত্যা, ধর্ষণ, অস্ত্র এবং ডাকাতির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে আতঙ্ক সৃষ্টি করাই ছিল তাদের মূল লক্ষ্য।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এবং কক্সবাজার এলাকায় সন্ত্রাসীদের নির্মূলে র্যাব-১৫ নিয়মিত অভিযান পরিচালনা করছে। যারা সমাজে অপরাধ করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। নুরুল আবছারকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরেছে।”
গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।