কক্সবাজারের উখিয়া থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৯ জুন) বেলা ১২টার দিকে কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ সীমান্ত উপজেলা উখিয়ার থানা পরিদর্শনে আসেন। এই পরিদর্শনকে ঘিরে থানা প্রাঙ্গণে ছিল সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি। তিনি থানার অভ্যন্তরীণ কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, মামলার অগ্রগতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। পরিদর্শনকালীন সময়ে তিনি থানার কর্মকর্তাদের দিক নির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনে অংশগ্রহণ করেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব মোঃ রাহাত বিন কুতুব, কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান,
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব।
এসময় সিনিয়র সচিবকে স্বাগত জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন। এসময় উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক নাসির উদ্দীন এবং অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। তারা থানার বিভিন্ন কার্যক্রম, চ্যালেঞ্জ এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনকালে সিনিয়র সচিব থানা ভবনের পরিকাঠামো, রেকর্ড কক্ষ, হাজতখানা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। তিনি অফিসারদের আইনশৃঙ্খলা রক্ষায় আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।