কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে ভ্রমণে এসে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। পুলিশের সততা, নিষ্ঠা ও পর্যটকবান্ধব সেবার এ উদাহরণটি পর্যটকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন উত্তর কলাউজান এলাকার বাসিন্দা মো. ইসমাইল হোসেন (৪৬), কক্সবাজারের কলাতলি বীচে ভ্রমণে এসে তার ব্যবহৃত Infinix 40 মডেলের মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। পরবর্তীতে কলাতলী বীচ এলাকায় দায়িত্ব পালনরত ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা মোবাইল ফোনটি উদ্ধার করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মোবাইলটি মালিকের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের যেকোনো অসুবিধায় পাশে থাকা ট্যুরিস্ট পুলিশের অগ্রাধিকার। আমরা চাই, কক্সবাজারে আগত প্রতিটি পর্যটক যেন নিরাপদ এবং নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করতে পারেন। এই দায়িত্ববোধ থেকেই আমাদের সদস্যরা তৎপর থেকে মোবাইলটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেছেন।
ট্যুরিস্ট পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা কক্সবাজারে ভ্রমণকারী দেশি-বিদেশি পর্যটকদের মাঝে আস্থা ও সন্তুষ্টি আরও সুদৃঢ় করেছে।