বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে, লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি এর নেতৃত্বে মির্জাজোড়া সীমান্ত এলাকায় বিশেষ টহল মোতায়েন করা হয়। এ সময় মায়ানমার জলসীমায় একটি ছোট নৌকা ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর নৌকা থেকে দুইজন ব্যক্তি নদীতে নেমে সাঁতরে কেওড়া বাগানের ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।
বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে তারা দ্রুত দুইটি প্লাস্টিকের বস্তা কেওড়া জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তাগুলো উদ্ধার করা হয়। খুলে দেখা যায়, বিশেষভাবে মোড়কজাত অবস্থায় প্রায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা রয়েছে।
অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, গোপন তথ্য পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করেছি। মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। পাচারকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত ইয়াবা আইন অনুযায়ী জব্দ করা হয়েছে।
বিজিবি সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।