কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকা থেকে ৬৪ বিজিবি’র বিশেষ অভিযানে ১০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার সীমান্তবর্তী বালুখালী পিলার বিডি-২১ থেকে ৮০০ গজ পশ্চিম এবং বর্ডার আউটপোস্ট থেকে ১ কিলোমিটার পূর্বের কাটাপাহাড় এলাকায় অভিযানে অংশ নেয় বিজিবি’র টহল দল।
অভিযানকালে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে তৎক্ষণাৎ ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে তল্লাশি করে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত মাদক কারবারি মোঃ আকবর (৬৫), তিনি উখিয়ার দিঘলিয়া গ্রামের বাসিন্দা মৃত সিদ্দিকর ছেলে। তাকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা প্রক্রিয়াধীন রয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “আমরা সীমান্তে মাদক পাচার রোধে প্রতিনিয়ত কঠোর পদক্ষেপ নিচ্ছি। গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের টহল দল দ্রুত অভিযানে গিয়ে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে। তিনি আরও বলেন, বিজিবি মাদক বিরোধী যেকোনো অপরাধ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”