মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র একটি চৌকস বিশেষ অভিযানদল অভিযান পরিচালনা করে বিশ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র অধীন জামালের ঘের নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানদল কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করলে কিছু সময় পর দুইজন ব্যক্তি ব্যাগ হাতে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
এসময় বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের চ্যালেঞ্জ করলে মাদক বহনকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় সাহসিকতার সঙ্গে ধাওয়া চালিয়ে দুইজনকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হয়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন, উখিয়া ক্যাম্প-৮-ই এর বি/৮১ ব্লকের মোঃ সুলতানের ছেলে করিম উল্লাহ (১৮), ও ৮৯ ব্লকের পীর মোহাম্মদের ছেলে মোঃ মুজিবুর রহমান (১২)।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, আজকে ঘুমধুম সীমান্তে অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। আমরা গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে অভিযান পরিচালনা করি এবং বিজিবি সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে তা বাস্তবায়ন করেন। মাদক একটি জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। এ থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে হলে কঠোর অবস্থানে থাকতে হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।