কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচার রোধে উখিয়া থানা পুলিশের আরেকটি সফল অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিশ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে এক উপজাতি মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ টায় উপজেলা রাজাপালং ইউনিয়নের কুতুপালং হাইস্কুলের দক্ষিণ পাশে ‘রাস্তার মাথা’ নামক এলাকায় উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন এর দিকনির্দেশনায় এসআই তপু বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান চালায়।
পুলিশ সুত্রে জানা যায়, অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুর মার্মা পাড়া গ্রামের অয়ং সাই মার্মা’র ছেলে অয়োসাই ওয়াং মার্মা (৩১),কে আটক করা হয়। তার কাছ থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আসামিকে উখিয়া থানায় এনে হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং একজন উপজাতি মাদক কারবারিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। উখিয়াকে মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।