সীমান্তের রেজুপাড়া বিওপি এলাকায় মিয়ানমার থেকে পাচারের উদ্দেশ্যে আসা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তের লেবুবাগান খালের পাড়ে দুই জন সন্দেহভাজন ব্যক্তিকে কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত পারাপারের সময় বিজিবি সদস্যরা তাদের থামানোর সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া কাপড়ের ব্যাগ থেকে তল্লাশি করে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, রেজুপাড়া সীমান্তে আমাদের অভিযানে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আমরা জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন বিজিবি দেশের সুরক্ষা ও শান্তি বজায় রাখতে সীমান্তে মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো আপোষ করবে না। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান রোধে সক্রিয়ভাবে কাজ করে যাবো।