কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান (০৫) নামের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় ক্যাম্প-১৮ এর সিআইসি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আজিজুর রহমান (৫), উখিয়ার ১৬ নম্বর ক্যাম্পের সি/৫ ব্লকের বাসিন্দা মোঃ রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে ক্যাম্প ৮ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।