কক্সবাজারে বন্ধুর সঙ্গে বেড়াতে এসে পথ হারানো ১২ বছর বয়সী নুর নবীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে টুরিস্ট পুলিশ।
নুর নবী ঢাকার হাতীরঝিল থানাধীন নয়াটোলা পাগলা মাজার এলাকার বাসিন্দা মোঃ রফিকের ছেলে। সে ১৩ জুলাই তার বন্ধুসহ ট্রেনে করে কক্সবাজারে আসে। ১৪ জুলাই রাতে কলাতলী সমুদ্র সৈকত এলাকায় তার বন্ধুর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কান্নাকাটি করতে থাকে।

সৈকতে টহলরত টুরিস্ট পুলিশ সদস্যরা শিশুটিকে কান্নাকাটি অবস্থায় দেখে দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদে হেফাজতে নেয়। এরপর শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদের প্রতি শিশুটির নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি জানানো হয়।
অবশেষে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাথে ৪টায় শিশুটিকে তার পিতা মোঃ রফিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার রিজিয়ন টুরিস্ট পুলিশের (অতিরিক্ত ডিআইজি) মোঃ আপেল মাহমুদ বলেন, আমাদের টুরিস্ট পুলিশ সদস্যরা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা সর্বদা পর্যটক ও স্থানীয় জনগণের সুরক্ষা এবং কল্যাণে কাজ করে যাচ্ছি। এ ধরণের ঘটনা দ্রুত সমাধানে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, পর্যটন শহর কক্সবাজারে শিশুদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার, এবং আমরা সবাই মিলে এমন সব অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কাজ চালিয়ে যাবো।
টুরিস্ট পুলিশ জানিয়েছে, শিশুটি বর্তমানে সম্পূর্ণ নিরাপদে তার পরিবারের কাছে রয়েছে এবং পরিবারের সদস্যরা টুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিশুটির বাবা মোঃ রফিক বলেন, আমাদের ছেলেটির নিরাপদে ফিরে পাওয়ায় আমরা খুবই খুশি। ট্যুরিস্ট পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য।
কক্সবাজার টুরিস্ট পুলিশ এই ধরণের নিখোঁজ শিশু উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় এবং জনসাধারণের সহায়তাও কামনা করেছে।