চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর সাথে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন রোল্যান্ড ফোর্বস-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে সাক্ষাৎকালে কমিশনার প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। এরপর উভয় প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সমন্বয় বিষয়ক নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় দু’পক্ষই পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে চট্টগ্রামে শিক্ষা ও সামাজিক উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।
এই সৌজন্য সাক্ষাৎ দুই প্রতিষ্ঠানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং যৌথ উদ্যোগের মাধ্যমে জনকল্যাণে অবদান রাখার একটি আশাব্যঞ্জক বার্তা বহন করে।