বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি মোবাইল সেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা না গেলেও, মাদক কারবারীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া আলামতগুলো জব্দ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপি’র একটি চৌকস টহল দল নিয়মিত দায়িত্বপালনের অংশ হিসেবে জামছড়ি নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ৯,৬৬০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল সেট এবং নগদ ১৭,২০০ টাকা উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আমাদের প্রতিটি সদস্য পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও আমরা দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছি। মাদক কারবারীদের কোন ছাড় নেই, কাউকে আইনের আওতায় আনতেই এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে।
উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামতের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় ৬ জনকে অজ্ঞাত করে নিয়মিত মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।