কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় সন্ত্রাসী চক্রের সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে ব্যাটালিয়নের সদর এলাকা থেকে রওনা দিয়ে পরিচালিত বিশেষ টহলদল এ অভিযান চালায়।
আটককৃত ব্যক্তি হলেন- রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল এলাকার ফরিদুল আলমের পুত্র নুরুল আবছার (৩৮)। অভিযানে তার কাছ থেকে- দেশীয় একনালা বন্দুক ৪টি, দুইনালা বন্দুক ১টি, ৮ রাউন্ড তাজা গুলি, ৬টি খালি খোসা এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, আটককৃত নুরুল আবছার দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলে সক্রিয় একটি অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের অন্যতম সদস্য। তিনি কুখ্যাত ডাকাত শাহীন বাহিনীর সহযোগী হিসেবে গরু চোরাচালান ও মাদক পাচারসহ বিভিন্ন অপতৎপরতায় জড়িত ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অস্ত্রসহ তাকে আটক করতে সক্ষম হই।
জানা গেছে, এর আগেও ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় নুরুল আবছার গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়া গত ২১ জুলাই জামছড়ি বিওপি কর্তৃক উদ্ধারকৃত ৯,৬৬০ পিস বার্মিজ ইয়াবা মামলায় তিনি পলাতক আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন (মামলা নং-১৩, তারিখ: ২১/০৭/২০২৫)।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত আসামিকে অস্ত্র ও গুলিসহ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।