কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ কাউছার (২৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত কাউছার (২৮) উখিয়ার পালংখালী নলবুনিয়া গ্রামের মৃত আমিরুজ্জামানের ছেলে।
গতকাল সোমবার (১৮ আগস্ট) রাতে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচারের গোপন সংবাদ পায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় পশ্চিম অঞ্জুমানপাড়া এলাকায় টহল অবস্থায় মিয়ানমার দিক থেকে সন্দেহজনকভাবে একজনকে আসতে দেখে বিজিবি সদস্যরা। তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বিজিবি টহল দল তাকে আটক করতে সক্ষম হয়।
তল্লাশিতে তার শরীরে গেঞ্জির ভেতরে পেঁচানো অবস্থায় ৫ কাট মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি হাসুয়া দা উদ্ধার করা হয়।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি সবসময় সজাগ রয়েছে। আমাদের নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবেই এ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে। আটক আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় ইয়াবা পাচার দীর্ঘদিনের সমস্যা। বিজিবির নিয়মিত টহল ও অভিযানের কারণে সম্প্রতি একাধিক বড় চালান জব্দ করা সম্ভব হয়েছে।