কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। এসময় একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক মো. ইব্রাহীম (২৬), উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মো. শামসুল আলমের ছেলেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহীম কোনো ধরনের মাদকের কথা অস্বীকার করলেও পরবর্তীতে গাড়ির তেলের ট্যাংকির ভেতরে বিশেষভাবে তৈরি করা বক্স থেকে ইয়াবার চালান উদ্ধার করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আমরা মাইক্রোবাস চালক মো. ইব্রাহীমকে আটক করতে সক্ষম হয়েছি এবং গাড়ির তেলের ট্যাংকির ভেতর লুকানো ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছি। বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।