কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্টে মাছ ধরতে গিয়ে দুই শিক্ষার্থী সাগরে নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জন কিশোর একসঙ্গে সমুদ্র সৈকতে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ জোয়ারের পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়। মনখালীর নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬), একেই এলাকার নাজির হোসেনের ছেলে মোহাম্মদ সাঈম (১৫)। তারা দুজনই স্থানীয় মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। ইনানী পুলিশ ফাঁড়ির একটি টিম স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। জোয়ার-ভাটার বিষয় বিবেচনায় নিয়ে সার্বক্ষণিকভাবে অভিযান চলছে। পরিবার ও স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।