কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা থেকে এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অপহৃতের পরিবারের কাছে মোবাইল ফোনে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করা হয়েছে।
পরিবার সুত্রে জানা যায়, গত সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে ছৈয়দুল আমিন (৩০) নামে এক যুবক বাজার করতে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বাজার এলাকা ও বিভিন্ন সম্ভাব্য স্থানে খুঁজেও তার কোনো খোঁজ পাননি। অপহৃতের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।
পরে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে অজ্ঞাতনামা অপহরণকারীরা ছৈয়দুল আমিনের মোবাইল নম্বর ব্যবহার করে তার স্ত্রী হামিদা আক্তারের ফোনে যোগাযোগ করে। এসময় ভিকটিমকে মুক্ত করার জন্য নগদ ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।
অপহৃত ব্যক্তির নাম ছৈয়দুল আমিন (৩০), পিতা হারুন রশিদ ও মাতা ছকিনা খাতুন। তিনি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি খেওয়াছড়ি এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
অপহৃতের স্ত্রী হামিদা আক্তার বিষয়টি উখিয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, অপহরণের ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে দ্রুততম সময়ে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।