খেলোয়াড়দের মান-অভিমানের কারণে ভরাডুবি হলো কক্সবাজার সদর উপজেলা ফুটবল দলের। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাজিমাত করলো উখিয়া উপজেলা টিম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। একচেটিয়া আধিপত্য দেখানো ম্যাচে ভঙ্গুর সদরকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে উখিয়া।
প্রবল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে উখিয়া টিম। বিকেল ৩টা ৪৫ মিনিটে রেফারির বাঁশির সঙ্গে সঙ্গেই মাঠজুড়ে ছড়িয়ে পড়ে হলুদ জার্সি পরা উখিয়ার খেলোয়াড়রা। দু’দলই বিদেশি খেলোয়াড় নিয়ে দল সাজায়। তবুও সদরের ‘চতুর্থ টিম’ খ্যাত দলটি পরিকল্পিত আক্রমণের চেষ্টা চালায়। তবে তাদের সব আক্রমণই ব্যর্থ করে দেয় উখিয়ার রক্ষণভাগের অতন্দ্র প্রহরীরা।
ম্যাচের ২০ মিনিটে উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা উখিয়ার হাজারো সমর্থক। এ সময় বিদেশি খেলোয়াড় ড্যানিয়েল তার সতীর্থ আনাসকে ডি-বক্সের আগে আলতো পাস দেন। বল পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পাশে শট নিয়ে সদরের জালে বল পাঠান আনাস। এতে উখিয়া এগিয়ে যায় ১-০ গোলে।
এক গোল খেয়ে তা শোধ দিতে মরিয়া হয়ে উঠে সদরের খেলোয়াড়রা। তারাও প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনোটিই আলোর মুখ দেখেনি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে উখিয়ার খেলোয়াড়রা। একের পর এক আক্রমণে সদরের রক্ষণভাগে আতঙ্ক তৈরি করে তারা। ম্যাচের ৫২ মিনিটে উখিয়ার স্ট্রাইকার সরওয়ার কামাল সেরু ডি-বক্সের বাইরে থেকে চোখ জুড়ানো শটে সদরের গোলরক্ষককে পরাস্ত করে। তার এই দর্শনীয় গোলে ব্যবধান বাড়ে ২-০ তে।
দুই গোল হজম করে হতাশায় ডুবে সদরের খেলোয়াড়রা। তবে ৬৫ মিনিটে কিছুটা স্বস্তি এনে দেন সদরের ডুগে। এ সময় একটি ক্রস বল থেকে হেডে গোল করে ব্যবধান কমান ২-১-এ। এরপর অনেক চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি সদর উপজেলা।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সেমিফাইনালে ওঠার আনন্দে ফেটে পড়ে উখিয়ার খেলোয়াড় ও সমর্থকরা।
সদরের এই হারে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। তারা জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মান-অভিমানের কারণে দলের মূল খেলোয়াড়রা মাঠে নামেননি। তারা না থাকায় এমন ভরাডুবি হয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট দাবি করেছে, অভিমানী খেলোয়াড়দের ফেরানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা তাতে সাড়া দেননি। সমর্থকদের মতে, দলের চেয়ে ব্যক্তিগত ইগো কখনো বড় হতে পারে না।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন উখিয়ার তরুণ স্ট্রাইকার সেরু। তাকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ট্রফি তুলে দেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব। সঙ্গে ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সরওয়ার রোমান এবং সাবেক যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ।
শনিবার (৬ সেপ্টেম্বর) প্রথম সেমিফাইনালে রানিং চ্যাম্পিয়ন মহেশখালীর মুখোমুখি হবে রামু উপজেলা ফুটবল দল।