বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে এক লাখ দশ হাজার দুইশত (১,১০,২০০) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ৪৩,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ফাতেমা খাতুন (৩৮) নামের এক নারীকে আটক করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বান্দরবান জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান চালায়। অভিযানে ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার একটি বাড়ি তল্লাশি চালিয়ে এসব মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত নারী ফাতেমা খাতুন (৩৮)। তিনি নুরুল আমিনের স্ত্রী ও মৃত জহির আহমদের কন্যা। তার ঠিকানা ঘুমধুম পশ্চিম পাড়া, ৫নং ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
ডিএনসি সূত্রে জানা গেছে, আটককৃত নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা সহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নিয়মিতভাবেই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হচ্ছে, তবুও মাদক ব্যবসায়ীরা নতুন কৌশলে পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিযানে অংশ নেওয়া ডিএনসি’র কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।