কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের দোছরি জারাইতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রফিকের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৭টার দিকে আবু তাহের নামের এক ব্যক্তির বাড়ির পাশে ধানক্ষেতে হাতিটির মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানসহ বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং মৃত হাতিটিকে পর্যবেক্ষণ করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, কৃষক আবু তাহের বন্য হাতির আক্রমণ ঠেকাতে তার ধানক্ষেতে অবৈধভাবে বিদ্যুতায়িত তার বসিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই তারে শর্টসার্কিট হয়ে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ জানান, গত বছরও আবু তাহের একইভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন বন বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। শেষ পর্যন্ত এ বছর আবারও এমন মর্মান্তিক ঘটনা ঘটল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোছাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গেছে। তবে সঠিক কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বুধবার বিকেল ২টার দিকে মৃত হাতিটিকে গহিন জঙ্গলে দাফন করা হয়।
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে কি না-সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।