কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র ও গুলিসহ ওমর ফারুক নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
১৬ মার্চ বুধবার সকালে ক্যাম্পের মো. রফিকের দোকান নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। ওমর ফারুক ক্যাম্প-১২’র জি-১ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ও তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী বলে ১৭ মার্চ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৮এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদের তত্ত্বাবধানে রোহিঙ্গা মো. রফিকের দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ফারুককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে কোমরে কৌশলে লুকানো অবস্থায় লোহার তৈরি ৭,৬৫ এমএম একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরোও জানান গ্রেফতার ওমর ফারুক ক্যাম্প-১২’র তালিকাভুক্ত সন্ত্রাসী। সে মিয়ানমারে চলমান জান্তা সরকার বিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে কয়েক দিন আগে বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার ক্যাম্প-১২ তে অবস্থান করছিল। পুনরায় মিয়ানমারে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে ক্যাম্প-১৩’র কাঠালতলী বাজারে গিয়েছিল, যেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ ৮ এপিবিএন সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান।
৮ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মদ সন্জুর মোর্শেদ বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামীকে কক্সবাজার বিচারক হাকিম আদালতে পাঠানো হবে।