কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগ কতৃক যৌথ অভিযানে একটি অবৈধ স’মিল উচ্ছেদ ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রত্না কোটবাজার মাসজিদে পাশে অবৈধভাবে স’মিল স্থাপন করে গাছ চিরাই করার দায়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১টি স’মিল, সরঞ্জাম ও আলামত হিসাবে কার্ঠ জব্দ করা হয়।

এ সময় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হক রনি, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, ও বিট কর্মকর্তা ছৈয়দ আলম সহ বনকর্মী ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কতিপয় সিন্ডিকেট সদস্যরা কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে স’মিল স্থাপন করে গাছ চিরাই করে আসছিল।
সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন, অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উখিয়ার কোটবাজারে অবৈধভাবে গড়ে ওঠা ১টি স’মিল উচ্ছেদের সময় বিভিন্ন প্রজাতির গাছ ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। টানা দেড় ঘন্টা ব্যাপী উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ অংশ নেন। এবং অবৈধ করত কল মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।