কক্সবাজারের উখিয়ায় নিলামে কুতুপালং বাজারের সর্বোচ্চ দর উঠেছে ৩ কোটি ৫৬ হাজার ৩৭৩ টাকা। ভ্যাট, ট্যাক্সসহ এ দর স্পর্শ করতে পারে প্রায় ৪ কোটি টাকায়।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদে এ বাজার নিয়ে নিলাম অনুষ্ঠিত হয়। এবার এ বাজারের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছিলো ২ কোটি ১৪ লক্ষ ৪৭ হাজার ৫১০ টাকা।
কুতুপালং বাজারের সর্বোচ্চ দর উঠেছে ৩ কোটি ৫৬ হাজার ৩৭৩ টাকা। ভ্যাট, ট্যাক্সসহ এ দর স্পর্শ করতে পারে প্রায় ৪ কোটি টাকায়। রাজাপালং ইউনিয়নে অবস্থিত বাজারটির সর্বোচ্চ দরদাতা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান একেএম শাহ কামাল চৌধুরী। যিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরীর বাবা।
অন্যদিকে উপজেলার হলদিয়াপালংয়ের মরিচ্যা বাজারের সর্বোচ্চ দর উঠেছে ২ কোটি ৫১ লাখ ৪৭ হাজার টাকা। দরদাতা স্থানীয় ব্যবসায়ী আব্দুল গফুর চৌধুরী। পালংখালীর ইউপির বালুখালী বাজার নিতে সর্বোচ্চ ২ কোটি ২১ লক্ষ টাকা দর দিয়েছেন ফোরকান চৌধুরী। এছাড়াও রত্মাপালং ইউপির কোটবাজারের সর্বোচ্চ দরদাতা হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী। উত্থাপিত দর হলো ১ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। এছাড়াও একই সময়ে অনুষ্ঠিত হয়েছে ভালুকিয়া, রুমখাপালং, পালংখালী ও সোনারপাড়ার নিলাম।
আগামী ৭ দিনের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের ইজারা মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী। ইজারার শর্তাবলীগুলো মানা হচ্ছে কিনা তা যথাযথ মনিটরিং করা হবে বলে জানান তিনি।