শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক বাবা-মা নিজ ভূমি ছেড়ে ঢাকায় চলে আসেন, আবার অনেকেই স্থান ত্যাগ করতে না পারলেও সন্তানের স্বপ্ন পূরণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের একমাত্র লক্ষ্য, সন্তানের প্রতিভা ও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।

রংপুরের এক ছোট্ট ছেলেও এমনই এক স্বপ্নকে বুকে নিয়ে এগিয়ে চলেছে। তার নাম রুদ্র রায়। মাত্র চার বছর বয়স থেকেই সে নৃত্য ও সংগীত চর্চার মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশের পথ খুঁজে নেয়।
রুদ্রের শিল্পীজীবনের যাত্রা শুরু হয় স্টেজ প্রোগ্রামের মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন স্থানে সে নাচ ও গানের পারফরম্যান্স করে দর্শকের মন জয় করতে থাকে। তবে এক বিশেষ মুহূর্ত তার জীবনে এক নতুন মোড় নিয়ে আসে, তার কয়েকটি রিল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এরপরই তার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আর এই সুযোগ তাকে নিয়ে যায় আরও বড় পরিসরে।
ভাইরাল হওয়ার পর রুদ্র মিউজিক ভিডিওতে কাজের সুযোগ পায় এবং ধীরে ধীরে অভিনয়ের জগতে প্রবেশ করে। এরপর আসে বিজ্ঞাপন, নাটক ও ফটোশুটের প্রস্তাব। একের পর এক নামকরা ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে সে নিজের প্রতিভার প্রমাণ দেয়।

তার অভিনীত বিজ্ঞাপন ও নাটক দর্শকের মন জয় করেছে এবং প্রতিনিয়ত তার পরিচিতি বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে রুদ্র রায় রংপুরের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। মেট্রো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সে বলে,
‘আমি চার বছর বয়সে নাচ এবং গান শুরু করি। বিভিন্ন জায়গায় নাচের প্রোগ্রাম করি, যদিও গানের তুলনায় নাচের মাধ্যমেই বেশি পরিচিতি পাই। মাইকেল জ্যাকসনের নাচ পরিবেশন করে জনপ্রিয়তা পাই। এরপর মিউজিক ভিডিও, নাটক, ফটোশুট এবং বিজ্ঞাপনের কাজ শুরু করি।’

রুদ্র রায়ের এই প্রতিভার উজ্জ্বল পথচলা নিঃসন্দেহে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই সাফল্য প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, প্রতিভা এবং সুযোগের সদ্ব্যবহার করলে প্রত্যন্ত অঞ্চল থেকেও স্বপ্ন পূরণ করা সম্ভব।