জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম নিজেদের কাছে রাখার দাবিতে সারা দেশের ন্যায় উখিয়া উপজেলা নির্বাচন অফিসেও চলছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ঘোষিত “স্ট্যান্ড ফর এনআইডি” শীর্ষক কর্মসূচী ও মানববন্ধন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২ টায়, উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে ইসির সব কর্মকর্তা-কর্মচারী তাদের ফেসবুক প্রোফাইল পরিবর্তন করেছেন।
এসময় উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিগত সরকার এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু সবাই চায় এটি ইসির অধীনে থাকুক। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেয় এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করে তা ইসির অধীনেই ন্যস্ত করার। কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য।
আরও বলেন, গত ৫ মার্চ এনআইডি এখানেই রাখার দৃশ্যমান উদ্যোগ নিতে কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম, সরকার ও কমিশনের দৃশ্যমান উদ্যোগের জন্য। কমিশন একমত পোষণ করে ৯ তারিখে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেলেও সরকারের কোনো কিছু আমরা পাইনি।