কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টে শফি আলম (২৮) নামে এক রোহিঙ্গা যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ক্যাম্পের ডি-১৩ ব্লকের বাসিন্দা এরশাদ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে শফি আলম হঠাৎ অসুস্থতা অনুভব করলে তিনি মায়ের রুমে গিয়ে ঘুমাতে যান। কিছুক্ষণ পর তার মা মরিয়ম বেগম ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পরীক্ষা করে দেখা যায়, তিনি আর বেঁচে নেই।
পুলিশ জানিয়েছে, মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় একটি দাগ লক্ষ্য করা গেছে, যা সন্দেহের জন্ম দিয়েছে। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড—সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, শফি আলম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, খবর পেয়ে এসআই সুমন কুমার দে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।