পর্যটন নগরী কক্সবাজারে দায়িত্বশীলতা ও মানবিকতার আরেকটি উদাহরণ স্থাপন করলো ট্যুরিস্ট পুলিশ। সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফেরত দিয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
শুক্রবার (২৩ মে) রাত রাড়ে ৯টায়, কক্সবাজারের লাবনী বিচ এলাকায় মোবাইল ফোন হারিয়ে ফেলেন সাকেউল্লাহ (৩৫)। তিনি মহেশখালীর মোঃ জাফর আলমের ছেলে। ঘটনার পর তিনি ট্যুরিস্ট পুলিশ বক্সে গিয়ে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পর ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও টেকনোলজির সহায়তায় হারানো মোবাইলটি শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার ১ ঘন্টা পরে, মোবাইলটি ভুক্তভোগীর কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।
এই সফল অভিযানের বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন—”পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দ্রুত সহায়তা প্রদান করাই আমাদের অঙ্গীকার। কেউ যেন কক্সবাজারে এসে হয়রানির শিকার না হন—এ লক্ষ্যে আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে।” “এই ধরনের উদ্যোগ শুধু পর্যটকদের আস্থা বাড়ায় না, বরং কক্সবাজারকে একটি নিরাপদ ও দায়িত্বশীল পর্যটনগন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়ক হয়।”
ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী সাকেউল্লাহ বলেন- “আমি বিশ্বাসই করতে পারিনি ফোনটা ফিরে পাব। কিন্তু ট্যুরিস্ট পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখে আমি মুগ্ধ। সত্যিই প্রশংসার দাবিদার তারা।”
স্থানীয়রা মনে করছেন, ট্যুরিস্ট পুলিশের এই পদক্ষেপে শুধু সেবা নয়, নিরাপত্তার ক্ষেত্রেও জনগণের আস্থা আরও বাড়বে। কক্সবাজারে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অনুকরণীয় হয়ে থাকবে।