কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) রাতে উপজেলার মুন্ডার ডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৭০,০০০ পিস ইয়াবা এবং একটি বাটন মোবাইল ফোনসহ একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া মাদক কারবারি হলেন, ছেনুয়ারা বেগম (৪৮)। তিনি টেকনাফের পশ্চিম সাগরপাড় এলাকার শামসুল আলম ওরফে শুক্কুরের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ছেনুয়ারা বেগম একটি বড় ইয়াবার চালান দেশের অন্যত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।
আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।