চট্টগ্রামের রাউজান থানাধীন শমসের নগর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মোঃ ইব্রাহিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ আলীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (২৪ মে) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোঃ আলী (৪০), পূর্ব রাউজানের মৃত আবু বক্কর এর ছেলে।
র্যাব-৭ জানায়, গত ২২ এপ্রিল দুপুর ১টার দিকে রাউজানের গাজীপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ ইব্রাহিমকে ৪/৫ জন দুর্বৃত্ত ঘিরে ধরে মারধর করে ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে রাউজান থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-২৫, তারিখ: ২৪ এপ্রিল ২০২৫; ধারা: ৩০২/৩৪ পেনাল কোড)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা জানতে পারি মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামী মোঃ আলী পাহাড়তলী এলাকার সিগন্যাল কলোনীতে অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
র্যাব জানায়, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারেও অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।