কক্সবাজারের রামু উপজেলায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও পলাতক আসামি শাহীনুর রহমান শাহীন এর বাড়িতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মাদক, জাল টাকা ও নজরদারির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৫ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরঘাটা গ্রামের শাহীনুর রহমান শাহীন এর বিল্ডিং ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহীন ও তার কয়েকজন সহযোগী পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। পরে প্রশাসনের উপস্থিতিতে তার বসতঘর তল্লাশি করে ২টি ১২ বোর কার্তুজ, কয়েকটি আগ্নেয়াস্ত্র, গুলির খালি খোসা, গাঁজা, একটি ওয়াকি-টকি সেট, কালো রঙের বাইনোকুলার, জাল টাকা, সিসি ক্যামেরা, প্রিন্টার, কয়েকটি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধ কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসামি শাহীন একজন চিহ্নিত সন্ত্রাসী ও পলাতক আসামি, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।”
র্যাব জানায়, শাহীনুর রহমান শাহীন একজন কুখ্যাত অস্ত্রধারী ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রুজু রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
উদ্ধারকৃত সকল আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।