কক্সবাজার শহরের বিলকিস মার্কেট এলাকা থেকে চাঞ্চল্যকর ছিনতাই ও ডাকাতি মামলার পলাতক আসামি মো. শাহিন ওরফে ‘বুলেট’ (২৭) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
রবিবার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাহিন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার টেকনাইফ্যা পাহাড় এলাকার মো. হানিফের পুত্র। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য অভিযোগে সাতটিরও বেশি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ কক্সবাজার এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান বলেন, রাতে বিলকিস মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি বাটন ফোনসহ আটক করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন“পর্যটন শহর কক্সবাজারে নিরাপত্তা বজায় রাখতে র্যাব নিয়মিতভাবে অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। ছিনতাই ও অস্ত্রধারী অপরাধীরা যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য পর্যটন নগরী কক্সবাজারে অপরাধ দমনে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।