চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার চাঞ্চল্যকর আলী আকবর প্রকাশ আকবর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আলভীন’কে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সিডিএ আবাসিক এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি জানান, নিহত ভিকটিম আলী আকবর প্রকাশ আকবর চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন হামিদপুর এলাকার বাসিন্দা এবং ইট বালু ব্যবসায়ী ছিলেন। আসামীদের সাথে দীর্ঘদিন যাবত স্থানীয় আধিপত্য বিস্তারসহ ব্যবসা-বাণিজ্যর নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৩ মে ২০২৫ইং তারিখ আনুমানিক রাত ১৯৫০ ঘটিকার সময় ভিকটিম কতিপয় বন্ধুদের সাথে পতেঙ্গা সী-বিচে ঘুরতে আসে। পূর্ব শত্রুতার জের ধরে একই দিন আসামীরা তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে ভিকটিমকে হত্যা উদ্দেশ্যে গুলি করে হাত, পা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত জখম করে একপর্যায়ে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাৎক্ষনিক ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উক্ত ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মে ২০২৫ইং তারিখ ভোর ০৩৩০ ঘটিকায় মৃত্যুবরণ করে।
এ ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম মহানগীরর পতেঙ্গা মডেল থানায় ১১ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-১২, তারিখ ২৬ মে ২০২৫ইং ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার ০৮নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আলভীন চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সিডিএ এলাকায় অবস্থান করছে।
গত ২৬ মে ২০২৫ইং আনুমানিক রাত ২৩১৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আলভীন(৩০), পিতা- জসিম , সাং- পশ্চিম ফরিদাপাড়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।