চট্টগ্রামের ফটিকছড়ি থানার বহুল আলোচিত লোকমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রমজান আলীকে (৫৫) দীর্ঘ ২৯ বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, ১৯৯৬ সালে ফটিকছড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলা (নং-১২(১০)৯৬) অনুযায়ী মো. রমজান আলীর বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০০০ সালে দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার আগেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন পলাতক থাকেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে যে, মো. রমজান আলী ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর অলিপাড়া এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ২৭ মে ২০২৫ ইং, ভোর ৫টা ২৫ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. রমজান আলী, পিতা-মৃত নরুল আলম সওদাগর, গ্রাম-কাঞ্চনপুর, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম। তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সাজাপ্রাপ্ত আসামি মো. রমজান আলী দীর্ঘ ২৯ বছর আত্মগোপনে ছিলেন। আধুনিক গোয়েন্দা প্রযুক্তি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে র্যাব অভিযান পরিচালনা করে। র্যাব আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।