কক্সবাজারের উখিয়া উপজেলায় টানা তিন দিনের ভারী বর্ষণের ফলে রোহিঙ্গা ক্যাম্প-০৮ ইস্ট ও ক্যাম্প-২১ এ গাছ উপড়ে পড়া ও পাহাড় ধসের দুটি পৃথক ঘটনায় অন্তত সাতটি রোহিঙ্গা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত এসব ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ মে) ভোর আনুমানিক সাড়ে ৬টায়, ক্যাম্প-০৮ ইস্টের সি-ব্লকে টানা বৃষ্টির কারণে গাছ উপড়ে পড়ে। এতে পাঁচটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
পরে বিকেল আড়াইটার দিকে উখিয়ার চাকমারকুল এলাকায় ক্যাম্প-২১ এর এ/৪ ব্লকে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিক মনির উল্লাহ (৭০) ও তার ছেলে অসমত উল্লাহর (২৮) বসতঘর দুটিতে বড় ধরনের ক্ষতি হয়। দুর্ঘটনার পরপরই তারা পার্শ্ববর্তী আত্মীয়দের আশ্রয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার জানান, টানা বর্ষণে উখিয়া ও টেকনাফের দুটি ক্যাম্পে গাছ পড়ে ও পাহাড় ধসে সাতটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে এই ঘটনায় রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।