কক্সবাজারের উখিয়ায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটক মনোয়ারা প্যান্ডংপাড়া এবং সাহাবউদ্দিন শাহপরীর দ্বীপের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল চালক মো. শফিক আলম (৩৫) পালিয়ে গেলেও তার স্ত্রী মনোয়ারা (২৩) কে আটক করে তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের পাশে লুকানো অবস্থায় আরও ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকার আরোহী সাহাবউদ্দিন (২৯)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ইয়াবাগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দুটি যানবাহনে করে পাচার করা হচ্ছিল। পলাতক আসামি শফিক আলমকে গ্রেফতারের জন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।”
উদ্ধারকৃত ইয়াবা, প্রাইভেটকার, মোটরসাইকেল ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।