দেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ ও আধুনিক অর্থনৈতিক কাঠামো গঠনে বাংলাদেশ ব্যাংক তিন দিনের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাটেজিক ওয়ার্কশপের আয়োজন করেছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সী-পার্ল বীচ রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটযোগে গভর্নর কক্সবাজারে আগমন করেন। রাত ১১টা ৩৫ মিনিটে উখিয়ার ইনানীস্থ হোটেল সী-পার্ল বীচ রিসোর্টে অবস্থান গ্রহণ করেন তিনি। এখানেই তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়।
শুক্রবার (৩০ মে) সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ওয়ার্কশপের প্রথম দিনের সেশন। সকাল ৯টায় অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন- “দেশের অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে এবং জনগণের আর্থিক সেবাগুলো সহজলভ্য করতে আমাদের ব্যাংকিং খাতকে প্রযুক্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত করতে হবে। এই ওয়ার্কশপ সেই পথচলার অংশ।”
ওয়ার্কশপে গভর্নরের সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। তাঁরা বিভিন্ন অধিবেশনে অংশ নিয়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এই ওয়ার্কশপের মাধ্যমে ব্যাংকিং খাতের দুর্বলতা চিহ্নিত করে সময়োপযোগী সমাধানের রূপরেখা তৈরির উদ্দেশ্যে অভিজ্ঞ মহল থেকে মতামত নেওয়া হচ্ছে।
শনিবার (৩১ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় দিনের অধিবেশন চলবে। পরে বিকেলে গভর্নর সী-পার্ল রিসোর্ট ত্যাগ করবেন এবং মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সফর ও কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে ইনানী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। জেলা প্রশাসন, পুলিশ, হোটেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নিরাপত্তা টিম এই আয়োজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ের এই আয়োজন কক্সবাজার দক্ষিণাঞ্চল, বিশেষ করে ইনানীকে কনফারেন্স ট্যুরিজমের নতুন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।