কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ও সরকারি-বেসরকারি উদ্যোগে কক্সবাজার জেলার বাহির থেকে আসা লোকজনকে চাকরিতে অগ্রাধিকার দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শ্রমিক নেতা ও সাবেক ছাত্রনেতা হাফেজ নুরুল আবছার।
তিনি বলেন, “উখিয়ায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এখানকার জনগণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তও এই এলাকার সাধারণ মানুষ। অথচ, কর্মসংস্থানে স্থানীয়দের অবহেলা করে কক্সবাজার সদরসহ জেলার বাইরের লোকজনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
হাফেজ নুরুল আবছার আরও বলেন, “উখিয়ায় শিক্ষিত ও যোগ্য ছেলে-মেয়ের কোনো অভাব নেই। অথচ, তাদের বাদ দিয়ে বহিরাগতদের নিয়োগ দেওয়া হচ্ছে। কক্সবাজার ও উখিয়ার স্থানীয় চাকরিজীবীদের ছাঁটাইয়ের চক্রান্ত শুরু হয়েছে, যা হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রয়োজন মনে হলে উখিয়ার জনগণ নিজেরাই ব্যবস্থা নিয়ে বহিরাগত চাকরিজীবীদের সরিয়ে দিতে প্রস্তুত। উখিয়ার স্বার্থেই এখন এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।”
স্থানীয়দের দাবির অতি দ্রুত সাড়া না দিলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন সচেতন মহল।