কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬৪ ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে।
আটককৃত তাজমীরা আক্তার (৩৭), মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাহমুদ পট্টি এলাকার ইলিয়াস আলীর স্ত্রী ও মো. রমিজ উদ্দিনের মেয়ে।
শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে আসলে, টহলরত বিজিবি সদস্যরা তল্লাশি চালায়।এসময় যাত্রী তাজমীরা আক্তার (৩৭),কে সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু স্বীকার না করায় পালংখালী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে মাদক বহনের আলামত পাওয়া গেলে পরে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদে জানা যায়, এক নারী (আবেদা) তাকে ইয়াবার ১৫টি পোটলা ঢাকার নালিন্দায় পৌঁছে দিতে বলেছিল এবং বিনিময়ে ১০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
বিজিবি জানায় চিকিৎসকের পরামর্শে বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার পায়ুপথ দিয়ে ১৪টি পোটলা বের করা হয়। প্রতিটি পোটলায় ৫০টি করে ইয়াবা ট্যাবলেট থাকায় সর্বমোট ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (বিজিবি ৬৪) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, আটককৃত আসামীকে টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তের নিরাপত্তা এবং মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।