কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এক ১১ বছর বয়সী রোহিঙ্গা শিশুর লাশ খালের পানিতে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম মোহাম্মদ ইমান হোসেন, সে ক্যাম্প-৫ এর বাসিন্দা মো. নামাত উল্লাহর ছেলে।
বুধবার (৪ জুন) বিকেল ৫ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বি/৬ ব্লকের খালে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় রোহিঙ্গারা পুলিশকে খবর দেয়। পরে ৮ এবিপিএন পানবাজার পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আরিফ হোসাইন জানান, আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি এবং লাশ উদ্ধার করে তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু, তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা আরও তদন্ত চালিয়ে যাচ্ছি। স্থানীয়দের সহযোগিতা নিয়ে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
এ ঘটনায় স্থানীয়রা জানায়, গত ১ জুন সকালবেলা ইমান গোসল করতে বের হয় এবং তারপর থেকে বাড়িতে ফেরেনি। রোহিঙ্গা ক্যাম্পের শিশুর মৃত্যু নিয়ে এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়েছে।