কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘অপপ্রচারমূলক’ সংবাদের প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৪টায় উখিয়া সদর স্টেশনে বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফলিয়াপাড়া রাস্তার মাথা প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জানা গেছে ‘Agrajatra Digital’ নামের একটি ফেসবুকভিত্তিক মাধ্যমে সম্প্রতি “কক্সবাজারে ৫ আগস্টের পর ১০০ কোটি টাকা কামিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে তাকে জড়িয়ে নানা অনিয়ম ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়, যা তাৎক্ষণিকভাবে কক্সবাজার বিএনপি ও উখিয়া উপজেলার নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন- “এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই দুর্নীতি বা অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হইনি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক চরিত্রহনন করতে চায়, তারা মূলত বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই এই ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন- আমার রাজনৈতিক সততা ও জনপ্রিয়তা অনেকের সহ্য হচ্ছে না বলেই এসব অপপ্রচারের আশ্রয় নেওয়া হচ্ছে। আমি এই ধরনের ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইনি পদক্ষেপ গ্রহণের চিন্তা-ভাবনা করছি।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য তারেক মাহমুদ রাজীব চৌধুরী, কৃষক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, তরুণ রাজনীতিবিদ ব্যারিষ্টার সাফফাত ফারদিন চৌধুরী রামিম, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক, ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমানসহ আরও অনেকে। তারা বলেন, “শাহজাহান চৌধুরীর মতো একজন সংগ্রামী ও দেশপ্রেমিক নেতার বিরুদ্ধে এমন মিথ্যা প্রচার চালানো হলে আমরা চুপ করে বসে থাকব না।
সভায় বক্তারা ডিসেম্বরের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া এই রাজনৈতিক সংকট নিরসন সম্ভব নয়, বলেই তারা জানান, আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সভা শান্তিপূর্ণভাবে শেষ হলেও নেতাকর্মীরা ইঙ্গিত দিয়েছেন, অপপ্রচার বন্ধ না হলে তারা আইনি ও রাজনৈতিক উভয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন।