ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ জাহান চৌধুরীর বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ে নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) সকাল থেকে সন্ধা পর্যন্ত, উখিয়ার রাজাপালংয়ে শাহজাহান চৌধুরীর নিজ বাসভবনে এক বৃহৎ ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক জুনায়েদ আলী চৌধুরীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, সদস্য সচিব সুলতানা মাহমুদ চৌধুরী এবং বিভিন্ন ইউনিয়নের নেতারা এই শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন।
সভায় প্রধানত দলের শৃঙ্খলা, ঐক্য এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নেতারা জেলা বিএনপি সভাপতি শাহ জাহান চৌধুরীর বিরুদ্ধে কিছু মহলের মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা জানায়, এসব অপপ্রচারের বিরুদ্ধে আগামী ১০ জুন বিকেল সাড়ে ৩টায় উখিয়া-টেকনাফে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হবে। এতে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। নেতারা দলের ঐক্য ও শক্তিশালী সংগঠনের জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।